কক্সবাজারের টেকনাফে সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ব্র্যান্ডের ২৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
পরে উদ্ধার করা ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর ২০২৬) ১৬ এপিবিএন, টেকনাফের সাইবার টিমের সদস্যরা প্রযুক্তির সহায়তায় এসব হারানো মোবাইল ফোন শনাক্ত ও উদ্ধার করেন।
১৬ এপিবিএনের মিডিয়া সেল জানায়, ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদারের সার্বিক দিকনির্দেশনায় এ উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়।
মোবাইল ফোন হস্তান্তরকালে উপস্থিত ছিলেন অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার ইনচার্জ এসআই (নিরস্ত্র) রিয়াদ হোসেন, এএসআই (নিরস্ত্র) মো. আহসান উল্লাহসহ সাইবার সেলের সদস্যরা।
উদ্ধার করা মোবাইল ফোনগুলো ফিরে পেয়ে প্রকৃত মালিকরা সন্তোষ প্রকাশ করেন।
এ সময় তাঁরা ১৬ এপিবিএনের প্রযুক্তিনির্ভর কার্যক্রম ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশ পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
স্থানীয়ভাবে হারানো মোবাইল ফোন উদ্ধারে ১৬ এপিবিএনের এ উদ্যোগকে জনসেবামূলক ও প্রযুক্তিনির্ভর পুলিশিং কার্যক্রমের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
মতামত