নওগাঁর পত্নীতলায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় হেলাল উদ্দিন (৫১) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় অভিযুক্ত মোটরসাইকেল চালক মো. নাফিজ ফয়সাল (২০)-কে গ্রেফতার করেছে পত্নীতলা থানা পুলিশ। পরে শনিবার (১৪ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নিহত হেলাল উদ্দিন পত্নীতলা থানার গোপীনগর গ্রামের বাসিন্দা। গ্রেফতার নাফিজ ফয়সাল উপজেলার নজিপুর পুরাতন বাজার এলাকার মো. ময়নুল হক পলাশের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন নাফিজ ফয়সাল নিজের আরওয়ান-ফাইভ (RO15) মডেলের একটি মোটরসাইকেল নিয়ে অত্যন্ত দ্রুতগতিতে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপাররত হেলাল উদ্দিনকে সজোরে ধাক্কা দেন তিনি। এতে হেলাল উদ্দিন রাস্তায় ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।
পরে স্থানীয় লোকজন ও পথচারীরা তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে পত্নীতলা থানায় মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মোটরসাইকেল চালক নাফিজ ফয়সালকে গ্রেফতার করে।
পত্নীতলা থানা পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ১৪ নভেম্বর গ্রেফতার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। আদালতের মাধ্যমে তাকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং বেপরোয়া মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
মতামত