কুমিল্লার বরুড়ায় পবিত্র মিলাদ ও জিকিরের মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বরুড়া উপজেলার চোওরী-বেকী এলাকায় মাস্টার মোহাম্মদ কামাল হোসাইন মাইজভাণ্ডারীর বাড়ির মাঠ প্রাঙ্গণে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের চোওরী-বেকী শাখার উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাইজভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন, আওলাদে রাসুল (দ.), শাহজাদায়ে গাউছুল আজম, রাহবারে শরীয়ত ও তরিকত আলহাজ শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল-হোসাইনী আল-মাইজভাণ্ডারী মাদ্দাজিল্লুহুল আলী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হালাল উপার্জন ও হালাল জীবনযাপন একজন মুমিনের আত্মিক উন্নতি ও আত্মশুদ্ধির অন্যতম পূর্বশর্ত। মানুষের খাদ্য, উপার্জন, আচার-আচরণ ও দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে হালাল-হারামের বিধান মেনে চলতে হবে। হারাম উপার্জন ও হারাম ভোগ মানুষের আত্মিক প্রশান্তি ও ইবাদতের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই শুধু বাহ্যিক ইবাদত নয়, বরং অন্তরকে পরিশুদ্ধ করা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়াই প্রকৃত আধ্যাত্মিক সাধনা। তিনি আরও বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে হালাল-হারামের বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গড়ে তুলতে হবে।
মাহফিলে আলোচক হিসেবে বক্তব্য দেন বরুড়া সুন্নীয়া কামিল মাদ্রাসার সিনিয়র মুদাররিস মাওলানা শাহজাহান সিদ্দিকী, মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় পরিষদের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী মাওলানা মুহাম্মদ কেরামত আলী মাইজভাণ্ডারী এবং মাওলানা রাকিবুল ইসলাম আল-ক্বাদেরী প্রমুখ।
এ সময় মাইজভাণ্ডার দরবার শরীফের খলিফাবৃন্দ, ওলামা-মাশায়েখ ও বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় মুসল্লি, ভক্ত-অনুরাগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাহফিলে অংশ নেন।
মাহফিলে মিলাদ ও কিয়াম শেষে মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ, দেশ ও বিশ্ববাসীর শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করেন শাহসুফি মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী মাইজভাণ্ডারী।
মতামত