কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ২ লাখ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোট জব্দ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা নাফ নদীতে এ অভিযান পরিচালনা করেন।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়।
একপর্যায়ে নাফ নদীতে সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি শনাক্ত করে আভিযানিক দল। বোটটিকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে সাবরাংয়ের আলোগোলা জোরা এলাকা সংলগ্ন নাফ নদী থেকে বোটটি আটক করতে সক্ষম হন।
পরে বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা দুই মাদক পাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, এ মাদক পাচারের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি ও সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা ইয়াবা, জব্দ করা বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, মানবপাচার ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ড কাজ করে যাচ্ছে। মাদকের ভয়াবহ বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান সম্পর্কে ব্রিফিং প্রদান করেন কোস্ট গার্ড স্টেশন টেকনাফের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন।
মতামত