নওগাঁর পোরশা উপজেলায় বাড়িতে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৭ লাখ ২৭ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. আওয়াল হোসেন (৩৬)।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর শনিবার দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে উপজেলার কালাইবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় আওয়াল হোসেনের বাবা মো. ইলিয়াস বাড়িতে একা ছিলেন। এ সুযোগে তিন ব্যক্তি একটি মোটরসাইকেলে করে বাড়ির সামনে আসেন। তাঁদের মধ্যে একজন বাইরে অবস্থান করেন এবং অপর দুজন বাড়ির ভেতরে প্রবেশ করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, বাড়িতে প্রবেশের পর ওই ব্যক্তিরা বিভিন্ন কথাবার্তার মাধ্যমে ইলিয়াসকে ব্যস্ত রাখেন। একপর্যায়ে একজন তাঁকে ঘরের ভেতরে নিয়ে যান। এ সুযোগে অপর ব্যক্তি শয়নকক্ষে প্রবেশ করে সোকেসে রাখা নগদ ২ লাখ ৩৫ হাজার টাকা, দুই জোড়া স্বর্ণের কানের দুল, দুটি গলার চেইন, চারটি কাঁসার প্লেট, চারটি বড় কাঁসার বাটি, দুটি কাঁসার চামচ, চার ব্যাগ শাড়ি-কাপড় এবং ১০ লিটার সরিষার তেল নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, চুরি হওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ৪ লাখ ৬৬ হাজার টাকা এবং অন্যান্য মালামালের মূল্য প্রায় ২৬ হাজার টাকা। নগদ টাকা ও মালামালসহ মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭ লাখ ২৭ হাজার টাকা।
অভিযোগকারী আরও জানান, ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা ও আইনি পরামর্শ নেওয়ার কারণে অভিযোগ দায়েরে কিছুটা বিলম্ব হয়েছে।
এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত, চুরি হওয়া মালামাল উদ্ধার এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পোরশা থানার পুলিশের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।
মতামত