কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ মোঃ শরীফ (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে হ্নীলা বিওপির আওতাধীন কাকড়া পোস্টসংলগ্ন বেড়িবাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মোঃ শরীফ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি, বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী কাকড়া পোস্টসংলগ্ন বেড়িবাঁধ এলাকায় দায়িত্ব পালন করছিল।
এ সময় মিয়ানমার দিক থেকে দুজন ব্যক্তিকে পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহল দলের সদস্যদের সন্দেহ হয়।
পরে তাদের চ্যালেঞ্জ করা হলে পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করা সম্ভব হয়। অপর ব্যক্তি পালিয়ে যায়।
পরে আটক ব্যক্তির হাতে থাকা পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের একটি কার্টনে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করেছেন।
৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
মতামত