নওগাঁর আত্রাই রেলওয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় মো. রাফু (১১) ও জিহাদ (১০) নামের দুই শিশুকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে তাদের উদ্ধার করা হয়। বর্তমানে শিশু দুটি আত্রাই থানা পুলিশের হেফাজতে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু দুটি সিরাজগঞ্জ জেলার পাইকসা গ্রামের বাসিন্দা। তাদের বাবার নাম আলহাজ্ব (মৃত) এবং মায়ের নাম বিলকিস বেগম। ‘সুজন’ নামের এক ব্যক্তি তাদের আত্রাইয়ে নিয়ে আসেন বলে জানা গেছে। পরে তিনি শিশু দুটিকে আত্রাই রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে রেখে চলে যান।
এ সময় শিশু দুটিকে স্টেশন এলাকায় কান্নাকাটি ও ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা শিশুদের কাছে গিয়ে পরিচয় জানার চেষ্টা করেন। কিন্তু মায়ের নাম ও গ্রামের নাম ছাড়া নিজেদের ঠিকানা সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পারেনি তারা। এরপর স্থানীয়রা শিশু দুটিকে উদ্ধার করে আত্রাই থানায় নিয়ে যান।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম জানান, স্থানীয় লোকজন শিশু দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। বর্তমানে তারা পুলিশ হেফাজতে নিরাপদে রয়েছে। তাদের পরিবারের সদস্য ও স্বজনদের সন্ধান পেতে প্রয়োজনীয় যোগাযোগ ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।
ওসি আরও জানান, শিশু দুটির পরিবারের সদস্য, স্বজন কিংবা পরিচিত কেউ তাদের চিনতে পারলে অথবা তাদের সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে দ্রুত আত্রাই থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
শিশু দুটির পরিবারের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছে পুলিশ।
মতামত