আজকের এই জব ফেয়ারের মাধ্যমে মানুষের চিন্তা-চেতনার পরিবর্তন ঘটবে। তরুণ-তরুণীরা নিজেদের যোগ্যতা ও দক্ষতা কাজে লাগিয়ে কর্মসংস্থানের সুযোগ পাবেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে দিনব্যাপী 'জব ফেয়ার দিনাজপুর-২০২৬' এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। মন্ত্রী বলেন, রাজধানীকেন্দ্রিক কর্মসংস্থানের বাইরে উত্তরাঞ্চলের তরুণ-তরুণীদের জন্য নিজ এলাকায় চাকরির সুযোগ সৃষ্টি করা জরুরি। এ ধরনের উদ্যোগের মাধ্যমে চাকরিপ্রার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন।
তিনি আরও বলেন, দিনাজপুরের তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। তাঁদের মেধা ও কর্মদক্ষতাকে কাজে লাগাতে পারলে উত্তরাঞ্চলকে সমৃদ্ধ অঞ্চলে পরিণত করা সম্ভব হবে।
দিনব্যাপী এ মেলায় ৯০টির বেশি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে রয়েছে শিল্পপ্রতিষ্ঠান, ব্যাংক, তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ, স্বাস্থ্যসেবা ও উন্নয়ন সংস্থা। চাকরিপ্রার্থীদের সরাসরি সাক্ষাৎকার, জীবনবৃত্তান্ত জমা এবং পরামর্শ গ্রহণের সুযোগ রাখা হয়। মেলাটি দিনাজপুর-৬ আসনের বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার চাকরিপ্রার্থীদের জন্য বিশেষ গুরুত্ব বহন করে।
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএমসহ প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মতামত