কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবার পোটলা ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারে পালিয়ে গেছে এক চোরাকারবারি।
সোমবার (২৬ অক্টোবর ২০২৬) সকাল আনুমানিক ৯টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীনস্থ পালংখালী বিওপির বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
৬৪ বিজিবির অধিনায়ক জানান, দায়িত্বপূর্ণ এলাকার বাংলাদেশের অভ্যন্তরে গুইজ্জা খালের পশ্চিম পাশে মিয়ানমার থেকে এক ব্যক্তিকে পোটলা হাতে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবির টহল দল।
এ সময় তাকে চ্যালেঞ্জ করা হলে পোটলাটি ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া পোটলাটি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে থাকা আট কাটায় আনুমানিক ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।
ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
পালিয়ে যাওয়া চোরাকারবারিকে গ্রেপ্তারের লক্ষ্যে ঘটনাস্থল ও পার্শ্ববর্তী এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হলেও তাকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও এ চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী ৬৪ বিজিবি সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
মতামত