রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর রেলওয়ে ফুটবল মাঠে আজ সোমবার (২৬ অক্টোবর) শুরু হচ্ছে আন্তঃজেলা হোন্ডাকাপ ফুটবল টুর্নামেন্ট। বিকেল সাড়ে ৩টায় টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে মানিকগঞ্জ জেলা ফুটবল একাদশ ও কুষ্টিয়া জেলা ফুটবল একাদশ। এ খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
টুর্নামেন্ট আয়োজন উপলক্ষে আজ রোববার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাড়াদী (বহরপুর) রেলওয়ে ফুটবল মাঠে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
বিএনবিএস স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম রেজার সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম বিশ্বাস।
উদ্বোধনী খেলায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র বালিয়াকান্দি উপজেলা সভাপতি গোলাম শওকত সিরাজ, সাবেক সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মশিউল আজম চুন্নু সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে মোঃ রেজাউল করিম রেজা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও নানা অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। আন্তঃজেলা হোন্ডাকাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। টুর্নামেন্ট সফল করতে তিনি ক্রীড়াপ্রেমী, খেলোয়াড় ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম বিশ্বাস বলেন, ফুটবল এ দেশের জনপ্রিয় খেলাগুলোর মধ্যে অন্যতম। আন্তঃজেলা পর্যায়ে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে বিভিন্ন জেলার খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক পরিচিতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে। দর্শকদের জন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য খেলা উপহার দিতে আয়োজকরা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছেন। টুর্নামেন্টের প্রতিটি খেলা উপভোগ করতে তিনি ক্রীড়ামোদী দর্শক ও এলাকাবাসীকে মাঠে উপস্থিত থাকার আহ্বান জানান।
আয়োজকদের প্রত্যাশা, আন্তঃজেলা হোন্ডাকাপ ফুটবল টুর্নামেন্টটি বহরপুরসহ বালিয়াকান্দি উপজেলার ক্রীড়াঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে।
মতামত