রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় মরা পদ্মা নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে নদীতীরবর্তী কৃষিজমি ও বসতবাড়ি ভাঙনের ঝুঁকিতে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে রাতের বেলায় ড্রেজারের বিকট শব্দে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে বলেও অভিযোগ করেছেন তাঁরা। উপজেলা প্রশাসনের অনুমোদন ছাড়াই বালু উত্তোলন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
শুক্রবার (১৫ অক্টোবর) সরেজমিনে গিয়ে ফকিরপাড়া এলাকায় মরা পদ্মা নদীতে একটি ড্রেজার চালু থাকতে দেখা যায়। স্থানীয়দের দাবি, হাবিবুর রহমান নামের এক ব্যক্তি ওই ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করছেন। তবে নদী থেকে বালু উত্তোলনের জন্য প্রয়োজনীয় অনুমোদন বা বৈধ কাগজপত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, অপরিকল্পিতভাবে নদী থেকে বালু উত্তোলন করা হলে নদীর তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দিতে পারে। এতে আশপাশের ফসলি জমি ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে এ নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। কেউ এ কাজে প্রতিবাদ জানালে তাঁকে মামলা ও বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানোর অভিযোগও করেছেন তাঁরা।
এলাকার কয়েকজন নারী জানান, রাতের বেলায় এলাকায় বিদ্যুৎ না থাকলেও ড্রেজার মেশিনের বিকট শব্দে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। দীর্ঘ সময় ধরে মেশিন চালু থাকায় শিশু ও বয়স্কদের ঘুমাতে সমস্যা হচ্ছে। তাঁদের আশঙ্কা, এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে যেকোনো সময় নদীভাঙনে বসতবাড়ি ও আবাদি জমি ক্ষতিগ্রস্ত হতে পারে।
স্থানীয় বাসিন্দারা বলেন, নদী, কৃষিজমি ও বসতভিটা রক্ষায় অবিলম্বে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে হবে। পাশাপাশি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
এ বিষয়ে মুঠোফোনে হাবিবুর রহমান বলেন, “তিন দিন ধরে বালু কাটছি। একজন গরিব মানুষ বাড়ি করবেন, তাই তাঁর গর্তটি ভরাট করা হচ্ছে। এ কাজে প্রশাসনের কোনো অনুমোদন নেই।”
গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান বলেন, উপজেলা প্রশাসন থেকে ড্রেজার চালানোর কোনো অনুমোদন দেওয়া হয়নি। বিষয়টি তিনি শুনেছেন উল্লেখ করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মতামত