জাতীয় খুদে গণিতবিদ ও বিজ্ঞান অলিম্পিয়াডে অসাধারণ সাফল্য অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার খুদে শিক্ষার্থী মুনতাছির আবির নিবির। আগামী ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নিতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এই শিক্ষার্থীর এমন অর্জনে আনন্দিত পরিবার, শিক্ষক ও এলাকাবাসী।
নিবির বালিয়াকান্দি উপজেলার নারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সে উপজেলার ঘিকমলা গ্রামের বাসিন্দা মো. আসাদুজ্জামান ও শিক্ষক নাসরিন বেগম দম্পতির সন্তান। অল্প বয়সেই গণিত ও বিজ্ঞানের প্রতি গভীর আগ্রহ, জানার কৌতূহল এবং মেধার স্বাক্ষর রেখে সে অর্জন করেছে এই বিরল সুযোগ।
সম্প্রতি এমএফএইচ সায়েন্স ক্লাব আয়োজিত জাতীয় অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে কৃতিত্বপূর্ণ সাফল্যের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পায় নিবির। তার এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাকে জাতীয় পর্যায়ের সনদ ও মেডেল দেওয়া হয়। এবার দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নিয়ে নিজের মেধা ও দক্ষতার পরিচয় দেওয়ার পাশাপাশি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার প্রত্যাশা তার।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে খুদে শিক্ষার্থী নিবির বলে, ‘আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াডে সুযোগ পেয়ে আমি খুব আনন্দিত। বিশ্বের বুকে দেশের নাম উজ্জ্বল করতে সবার কাছে দোয়া চাই।’
ছেলের সাফল্যে আনন্দিত ও আবেগাপ্লুত মা নাসরিন বেগম। তিনি জানান, ছোটবেলা থেকেই নিবিরের বিজ্ঞান ও নতুন বিষয় জানার প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। অবসর সময়ে অতিরিক্ত মোবাইল ব্যবহারে আসক্ত না হয়ে সে শিক্ষণীয় ও বিজ্ঞানবিষয়ক কনটেন্ট দেখতে পছন্দ করে। এসব বিষয় তার জ্ঞান অর্জন ও চিন্তাশক্তি বিকাশে সহায়তা করছে বলে মনে করেন তিনি।
নারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফফার বলেন, ‘নিবির অত্যন্ত কৌতূহলী ও প্রতিভাবান। গণিত ও বিজ্ঞানের জটিল বিষয়গুলো সে সহজেই সমাধান করতে পারে। তার এই আন্তর্জাতিক অর্জন প্রাথমিক শিক্ষার জন্য বড় অনুপ্রেরণা।’
শিক্ষক, অভিভাবক ও শিক্ষাবিদদের মতে, শৈশব থেকেই শিশুদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, যুক্তিবোধ ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটানো জরুরি। নিবিরের মতো শিক্ষার্থীদের সাফল্য অন্য শিশুদেরও গণিত ও বিজ্ঞানচর্চায় আগ্রহী করে তুলতে পারে। পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের যথাযথ উৎসাহ এবং সহযোগিতা পেলে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে পারে।
রাজবাড়ীর এই খুদে শিক্ষার্থীর সাফল্যে পরিবার, বিদ্যালয় ও এলাকাজুড়ে আনন্দের আবহ তৈরি হয়েছে। দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণের মধ্য দিয়ে নিবির নতুন অভিজ্ঞতা অর্জন করবে এবং ভবিষ্যতে আরও বড় সাফল্যের পথে এগিয়ে যাবে এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। তার এই অর্জন রাজবাড়ী জেলার পাশাপাশি দেশের অন্যান্য খুদে শিক্ষার্থীর জন্যও অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।
মতামত