একজন শিক্ষকের জীবনে এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে! দীর্ঘ ২০ বছরের কর্মজীবন শেষে বিদায়ের দিনে প্রিয় শিক্ষককে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বিদ্যালয়ে নিয়ে এলেন শিক্ষার্থীরা। ফুলের গালিচা, পুষ্পস্তবক আর মানপত্রে জানালেন শ্রদ্ধা ও ভালোবাসা।
দিনাজপুরের ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান শুধু পাঠদানেই সীমাবদ্ধ ছিলেন না। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে ছুটে গেছেন বাড়ি বাড়ি, অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন, নিজের উদ্যোগে সহযোগিতা করেছেন তাদের স্বপ্ন পূরণের পথে।
১৫ অক্টোবর, বৃহস্পতিবার ছিল তাঁর শিক্ষকতা জীবনের শেষ দিন। কিন্তু শিক্ষার্থীদের হৃদয়ে যে ভালোবাসার জায়গা তিনি তৈরি করেছেন, তার মেয়াদ কোনো অবসরের কাগজে শেষ হওয়ার নয়।
চাকরির বয়স শেষ হয়, দায়িত্বের অধ্যায় থামে; কিন্তু একজন আদর্শ শিক্ষকের মমতা, ত্যাগ আর ভালোবাসা বেঁচে থাকে প্রজন্ম থেকে প্রজন্মে।ঘোড়ার গাড়িতে এই বিদায় শুধু একজন শিক্ষকের বিদায় নয়, এটি একজন প্রিয় মানুষের প্রতি শত শত হৃদয়ের গভীর ভালোবাসার অনন্য স্বীকৃতি।
মতামত