রাজবাড়ীর পাংশা উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি সচল রিভলবার, আট রাউন্ড গুলি ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় আরাফাত হোসেন ওরফে কালা মানিক (৩১) নামে এক যুবককে আটক করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে পাংশা থানায় মামলা করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিট থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত উপজেলার হরিণাডাঙ্গা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ রাসেল আলীর নেতৃত্বে অধিদপ্তরের একটি দল আরাফাত হোসেনের বসতঘরে অভিযান চালায়।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানের সময় বসতঘর তল্লাশি করে একটি কালো রঙের সিনথেটিক শপিং ব্যাগের ভেতর থেকে কাঠের হাতলযুক্ত একটি বিদেশি সচল রিভলবার উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রটির ব্যারেলে ইংরেজিতে ‘মিডিযা ইন পাকিস্থান’ লেখা রয়েছে। এ ছাড়া সেখান থেকে আট রাউন্ড রিভলবারের গুলি এবং ‘উইনস্টার’ ব্র্যান্ডের একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার করা আট রাউন্ড গুলির মধ্যে পাঁচটি অ্যালুমিনিয়ামজাতীয় ধাতু দিয়ে তৈরি এবং বাকি তিনটি পিতলের তৈরি। তবে অস্ত্র ও গুলিগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কী উদ্দেশ্যে সেগুলো বসতঘরে রাখা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রাসেল আলী বাদী হয়ে আরাফাত হোসেন ওরফে কালা মানিকের বিরুদ্ধে পাংশা থানায় মামলা করেছেন। মামলাটি অস্ত্র আইনের ১৯(ক) ও ১৯(এফ) ধারায় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
আটক আরাফাত হোসেন পাংশা উপজেলার হরিণাডাঙ্গা গ্রামের মৃত নবাব আলীর ছেলে। মামলা দায়েরের পর তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।
মতামত