রাজবাড়ীর বালিয়াকান্দিতে শারদীয় দুর্গাপূজা- ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সভায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সরকারি অনুদান সুষ্ঠুভাবে বণ্টনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ।
সভায় বক্তব্যের শুরুতে প্রধান অতিথি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসব যেন সবাই আনন্দ, সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি আরও জানান, এ বছর বালিয়াকান্দি উপজেলায় ১৫৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। প্রতিটি পূজামণ্ডপে কঠোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সরকারি অনুদান সঠিকভাবে বণ্টনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, সাবেক সাধারণ সম্পাদক মসিউল আজম চুন্নু, সাবেক সভাপতি মো. আবুল হোসেন খান, পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক নিতিশ চন্দ্র মণ্ডল, সভাপতি সুজয় কুমার পালসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
মতামত