রাজবাড়ীর পাংশা উপজেলায় একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।
এসব ককটেল কোনো নাশকতার উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার (৯ অক্টোবর) ভোরে উপজেলার বিষ্ণুপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ককটেলগুলো উদ্ধার করা হয়। বিকেল সাড়ে ৩টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি-১০।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসআরবি-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস দল শুক্রবার সকাল পৌনে ৬টার দিকে পাংশা উপজেলার বিষ্ণুপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় এলাকার একটি আমবাগানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪২টি ককটেল উদ্ধার করা হয়। উদ্ধার করা ককটেলগুলো অবিস্ফোরিত অবস্থায় ছিল।
এসআরবি-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার করা ককটেলগুলো কোনো নাশকতার পরিকল্পনার অংশ ছিল কি না, সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।
তবে ককটেলগুলো কে বা কারা, কী উদ্দেশ্যে আমবাগানে রেখে গিয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
মতামত