নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কোয়ার্টারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। হাসপাতাল ক্যাম্পাসের সুরক্ষিত এলাকার ভেতরে সরকারি কোয়ার্টারের তালা ভেঙে এক উপসহকারী মেডিকেল অফিসারের স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
গত বৃহস্পতিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কোয়ার্টারে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা হাসপাতাল ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করে উপসহকারী মেডিকেল অফিসার শাহিনা আক্তারের সরকারি কোয়ার্টারের দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে ঘরে থাকা স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়।
চুরির বিষয়টি জানাজানি হলে হাসপাতাল ক্যাম্পাসে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। নিরাপত্তাবেষ্টিত হাসপাতাল ক্যাম্পাসের আবাসিক কোয়ার্টারে কীভাবে চোরেরা প্রবেশ করে চুরি সংঘটিত করল, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
ঘটনার পর বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে। এ ঘটনায় চোরদের শনাক্ত ও চুরি যাওয়া মালামাল উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে ধামইরহাট থানা পুলিশ ঘটনার তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানা গেছে।
মতামত