নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মান্দা থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) উপজেলার ১১ নম্বর কালিকাপুর ইউনিয়নের চকমানিক সোনারপাড়া মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ৮ অক্টোবর মান্দা থানাধীন কালিকাপুর ইউনিয়নের চকমানিক সোনারপাড়া মোড়ে জনৈক গোলবর হোসেনের মুদির দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ সাজু (২৫), পিতা মোঃ বাবুল হোসেন, মাতা মোছা. আঞ্জুয়ারা বেগম, সাং চক শ্রীকৃষ্ণ এবং মোঃ সৈকত হোসেন, পিতা মোঃ শামসের, মাতা মোছা. রোকেয়া বেগম, সাং বড়বাড়িয়া। তারা উভয়েই মান্দা থানা, নওগাঁ জেলার বাসিন্দা। পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করে গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মতামত