বিশ্ব শোভন কর্ম দিবস উপলক্ষে বাংলাদেশের শ্রমজীবী মানুষের জন্য শোভন, নিরাপদ, ন্যায়সংগত ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
বুধবার (৭ অক্টোবর) বিশ্ব শোভন কর্ম দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
এসময় বক্তারা বলেন, শ্রমিকের জন্য শোভন কাজ নিশ্চিত করা শুধু অর্থনৈতিক বিষয় নয়; এটি শ্রমিকের মৌলিক অধিকার, মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের সঙ্গে সম্পর্কিত। কর্মক্ষেত্রে নিরাপত্তা, ন্যায়সংগত মজুরি, সামাজিক সুরক্ষা, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা এবং সংগঠিত হওয়ার অধিকার নিশ্চিত করতে হবে।
বক্তারা বলেন, “শোভন কাজ কোনো অনুগ্রহ নয়, এটি শ্রমিকের অধিকার।” কর্মসংস্থানের ধরন দিয়ে শ্রমিকের অধিকার নির্ধারণ করা যাবে না। একজন শ্রমিক নিয়মিত কাজ করলে তাকে নিয়মিত কর্মসংস্থানের স্বীকৃতি, ন্যায়সংগত মজুরি, সামাজিক সুরক্ষা, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা এবং সংগঠিত হওয়ার অধিকার দিতে হবে।
তারা আরও বলেন, ঠিকাদার, সাব-কন্ট্রাক্টর বা তৃতীয় পক্ষের মাধ্যমে নিয়োগের অজুহাতে মূল নিয়োগকর্তাকে শ্রমিকের দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ দেওয়া যাবে না। শ্রমিকের কাজের ধরন বা নিয়োগের পদ্ধতি যাই হোক না কেন, তার ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা নিয়োগকর্তার দায়িত্ব।
বক্তারা বলেন, বাংলাদেশের পোশাকশিল্পকে টেকসই ও শ্রমিকবান্ধব করতে হলে শ্রমিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। দেশের তৈরি পোশাকশিল্পে বিপুলসংখ্যক শ্রমিক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত। তাদের শ্রমের ওপর শিল্পের উৎপাদন ও রপ্তানি নির্ভরশীল। তাই শ্রমিকের জীবনমান ও কর্মপরিবেশের উন্নয়ন ছাড়া এ খাতের টেকসই অগ্রগতি সম্ভব নয়।
এসময় আরও বলা হয়, অস্থায়ী, চুক্তিভিত্তিক, ঠিকাদারি, সাব-কন্ট্রাক্টিং, পরিচর্যা, গিগ ও প্ল্যাটফর্মসহ বিভিন্ন ধরনের কর্মসংস্থানে নিয়োজিত শ্রমিকদের অধিকারও সমানভাবে নিশ্চিত করতে হবে। কোনো শ্রমিক যেন নিয়োগের ধরন বা কর্মসংস্থানের প্রকৃতির কারণে আইনগত ও সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করা জরুরি।
সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সরকার, মালিক ও নিয়োগকর্তা, শ্রমিক সংগঠন, আন্তর্জাতিক ব্র্যান্ড ও ক্রেতাসহ সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানায়। একই সঙ্গে শ্রমিকদের জন্য শোভন, নিরাপদ, ন্যায়সংগত ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানায় সংগঠনটি।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, শ্রমিকের অধিকার ও মর্যাদা রক্ষা করা হলে দেশের পোশাকশিল্প আরও শক্তিশালী, টেকসই ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।
মানববন্ধনে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক খাদিজা আক্তারসহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসম আওয়াজ ফাউন্ডেশন এবং পোশাক শ্রমিক উন্নয়ন জনকল্যাণ সংস্থা'র সদস্যরা উপস্থিত ছিলেন।
মতামত