নওগাঁর পোরশায় বসতবাড়ির দেয়াল প্লাস্টারের কাজকে কেন্দ্র করে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার নিতপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাঙালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাঙালপাড়া গ্রামের আবু কালাম ও আবু হায়াত তাদের নির্মিত ভবনের দেয়াল প্লাস্টারের কাজ শুরু করেন। এ সময় একই গ্রামের কেরামদ্দিন জমির সীমানা নিয়ে আপত্তি তুলে ওই কাজে বাধা দেন।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে এক পক্ষের আবু কালাম (৩৮), আবু হায়াত (৩২), লাতিফা (২৬) ও মাসুদ (৩০) আহত হন। অপর পক্ষের কেরামদ্দিন (৮৮), জমির উদ্দিন (৩০) ও অনামিকা (২২) আহত হয়েছেন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে আহত আবু হায়াতের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) প্রেরণ করেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। দেয়াল প্লাস্টারের কাজ শুরু করাকে কেন্দ্র করে সেই বিরোধ প্রকাশ্য সংঘর্ষে রূপ নেয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার কারণ ও পরিস্থিতি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মতামত