কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৩১৪ ক্যান হান্টার বিয়ারসহ মো. সেলিম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ সময় নুর কবীর (৩০) নামে আরও একজন পালিয়ে যায়।
শুক্রবার (২ অক্টোবর) রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন নাজিরপাড়া বিওপির আওতাধীন শিলবুনিয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিলবুনিয়াপাড়ায় নুর কবীরের বসতবাড়িতে খুচরা বিক্রির উদ্দেশ্যে মাদকদ্রব্য মজুদের তথ্য পাওয়া যায়।
পরে নাজিরপাড়া বিওপির একটি আভিযানিক দল রাত সাড়ে ৮টার দিকে সেখানে কৌশলগত অবস্থান নেয়।
রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বিজিবি সদস্যরা নুর কবীরের বসতঘর ও আশপাশের এলাকা ঘিরে ফেলেন।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে নুর কবীর পালিয়ে গেলেও ঘর থেকে বের হওয়ার সময় সেলিমকে আটক করা হয়।
পরে বসতঘরে তল্লাশি চালিয়ে ৩১৪ ক্যান হান্টার বিয়ার ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা বিয়ারের আনুমানিক সিজার মূল্য ৭৯ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটক মো. সেলিম ও পলাতক নুর কবীর উভয়েই শিলবুনিয়াপাড়া এলাকার মৃত লাল মোহাম্মদের ছেলে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিকল্পিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যের অবৈধ মজুদ ও বিক্রির অপচেষ্টা ব্যর্থ করা হয়েছে।
সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক চোরাচালান, অবৈধ মজুদ ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
আটক ব্যক্তি ও জব্দ করা মালামাল টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
একই সঙ্গে পলাতক নুর কবীরকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।
মতামত