নওগাঁর আত্রাই উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি। এ দাবিতে বিভিন্ন সময় মানববন্ধন, আন্দোলন ও স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি পালন করে আসছেন স্থানীয় বাসিন্দারা। তবে আত্রাইবাসীর সেই দাবি এখনো পূরণ না হলেও এবার জয়পুরহাটের আক্কেলপুর রেলওয়ে স্টেশনে চিলাহাটি এক্সপ্রেসের নিয়মিত যাত্রাবিরতির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৫ অক্টোবর থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা রয়েছে।
রেলওয়ের এ সিদ্ধান্তের পর আত্রাইবাসীর মধ্যে ক্ষোভ, হতাশা ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসার পরও আত্রাইয়ে চিলাহাটি এক্সপ্রেসের স্টপেজ নিশ্চিত করা হয়নি। অথচ একই ট্রেনের যাত্রাবিরতি নতুন করে আক্কেলপুরে চালু করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন একটি গুরুত্বপূর্ণ রেল যোগাযোগকেন্দ্র। এ স্টেশনের ওপর দিয়ে প্রতিদিন একাধিক আন্তঃনগর ট্রেন চলাচল করলেও যাত্রী চাহিদার তুলনায় স্টপেজের সংখ্যা সীমিত। বিশেষ করে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনে যাতায়াত করতে গিয়ে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হয় স্থানীয় যাত্রীদের।
আত্রাই থেকে শুধু উপজেলার বাসিন্দারাই নন, আশপাশের বিভিন্ন এলাকার মানুষও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য আহসানগঞ্জ স্টেশনের ওপর নির্ভরশীল। ফলে গুরুত্বপূর্ণ এ স্টেশনে আরও আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছে।
এদিকে চিলাহাটি এক্সপ্রেসের স্টপেজের দাবিতে স্থানীয়দের পক্ষ থেকে বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে। আন্দোলন ও দাবি-দাওয়ার পরও কাঙ্ক্ষিত সিদ্ধান্ত না আসায় জনমনে অসন্তোষ বাড়ছে।
অন্যদিকে জয়পুরহাটের আক্কেলপুর রেলওয়ে স্টেশনে চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। রেলওয়ের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ট্রেনটি আক্কেলপুর স্টেশনে রাত ১০টা ৫৫ মিনিটে পৌঁছাবে এবং রাত ১১টা ৫ মিনিটে ছেড়ে যাবে।
আক্কেলপুরে নতুন স্টপেজ চালুর খবরে আত্রাইবাসীর মধ্যে আরও জোরালো হয়েছে বৈষম্যের অভিযোগ। তাদের প্রশ্ন, আত্রাইয়ের ওপর দিয়ে চলাচলকারী ট্রেনের যাত্রাবিরতির দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত থাকলেও অন্য স্টেশনে নতুন করে স্টপেজ দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত আসছে কীভাবে?
তবে আত্রাইবাসীর দাবি, আক্কেলপুরে স্টপেজ দেওয়ার বিরোধিতা নয়, বরং আত্রাইয়ের ন্যায্য ও দীর্ঘদিনের দাবিও দ্রুত বাস্তবায়ন করা হোক। যাত্রীসংখ্যা, ভৌগোলিক অবস্থান, যোগাযোগের গুরুত্ব এবং বৃহত্তর জনস্বার্থ বিবেচনায় নিয়ে আহসানগঞ্জ স্টেশনে চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতি চালুর দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের মতে, আত্রাইয়ে চিলাহাটি এক্সপ্রেসের স্টপেজ চালু হলে ঢাকাগামী যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি সময় ও যাতায়াত ব্যয় কমার সুযোগ সৃষ্টি হবে এবং রেলওয়ের রাজস্ব আয়ও বাড়তে পারে।
আত্রাইবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। দীর্ঘদিনের দাবি পূরণে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকারও প্রত্যাশা করছেন তারা।
এখন আত্রাইবাসীর একটাই প্রশ্ন—চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতির জন্য তাদের দীর্ঘদিনের দাবি পূরণে বাংলাদেশ রেলওয়ের নজর কবে পড়বে?
মতামত