নওগাঁর মান্দা উপজেলাকে দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ করতে স্থানীয় সাংবাদিকদের সার্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। একইসঙ্গে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করা এবং সাংবাদিকদের তথ্য প্রাপ্তিতে হয়রানি বন্ধে প্রশাসনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সাংবাদিকরা মান্দা উপজেলার বিভিন্ন এলাকার জনদুর্ভোগ, দুর্নীতি, অনিয়ম ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য প্রয়োজনীয় তথ্য পেতে উপজেলা প্রশাসনের কার্যকর সহযোগিতা কামনা করেন সাংবাদিক নেতারা।
সাংবাদিকদের বক্তব্যের জবাবে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে এবং যেকোনো তথ্য প্রাপ্তির ক্ষেত্রে সাংবাদিকদের হয়রানি বন্ধে প্রশাসনকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। মান্দার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসন ও সাংবাদিকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।তিনি আরও বলেন, দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এলাকার সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরলে তা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে। মান্দার উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধে প্রশাসন ও সাংবাদিকদের যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় বিএনপির সিনিয়র সভাপতি মকলেছুর রহমান মকে এবং মান্দায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতামত