নওগাঁর মান্দা উপজেলার আইওরপাড়া উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন একাডেমিক ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মান্দা উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন শিক্ষার পরিবেশকে আরও সমৃদ্ধ করে। নতুন একাডেমিক ভবন নির্মাণ সম্পন্ন হলে আইওরপাড়া উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সংকট অনেকটা দূর হবে। পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য সুন্দর ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা গেলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
পরে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, নতুন ভবনের নির্মাণকাজের সফলতা এবং শিক্ষার্থীদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
মতামত