নওগাঁয় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নওগাঁ সদর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের বলিহার ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশের দাবি, মিছিলের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তারা নওগাঁ জেলার আত্রাই, রানীনগর, সাপাহার ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
নওগাঁ জেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজ বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে জড়ো হচ্ছেন—এমন খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা বলিহার ব্রিজ এলাকায় অবস্থান নেন। পরে মিছিলের চেষ্টা করা হলে বলিহার ও ভীমপুর ইউনিয়নের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সহযোগিতায় ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করা হয়। পরে খবর পেয়ে ডিবি পুলিশের সদস্যরা তাদের নিয়ে যান।
তিনি আরও বলেন, নওগাঁ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা জেলাকে শান্ত রাখতে সর্বদা বদ্ধপরিকর। কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তাদের ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বিষয়টি তার জানা নেই বলে জানান।
নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি হাসিবুল্লাহ হাবিব বলেন, খবর পেয়ে মিছিলের প্রস্তুতিকালে বলিহার ব্রিজ এলাকা থেকে ১১ জনকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। দেশকে অস্থিতিশীল করার কোনো পরিকল্পনা তাদের ছিল কি না, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে জেলার বিভিন্ন এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের মশাল মিছিলের খবর পাওয়া যায়। এসব মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিলের ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় বলে স্থানীয়রা জানান। এরই ধারাবাহিকতায় শনিবার বলিহার ব্রিজ এলাকা থেকে ১১ জনকে আটক করা হয়েছে।
মতামত