কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রি এবং খাদ্যপণ্যের মোড়কে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৬ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের মারিয়া বিসিক শিল্পনগরী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই ও দুগ্ধজাত পণ্য উৎপাদন ও সংরক্ষণ এবং মোড়কে মিথ্যা তথ্য দেওয়ার দায়ে এম এম খান ফুডসকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
একই এলাকার এশিয়া ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং খাদ্যপণ্যের মোড়কে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে।
এ ছাড়া আজহার ফুড প্রোডাক্টস অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় অস্বাস্থ্যকর পরিবেশে বনরুটি ও অন্যান্য খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির দায়ে।
অভিযান চলাকালে সুগন্ধা ফুড প্রোডাক্টস, গাংচিল রেস্তোরাঁ, কাচ্চি ভাই, হোটেল খাওয়া দাওয়া, তাজ রেস্টুরেন্ট ও মাটির হাঁড়ি রেস্তোরাঁসহ বিভিন্ন খাদ্যপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এসব প্রতিষ্ঠানে সামান্য অসংগতি পাওয়ায় সংশ্লিষ্টদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অন্যদের মধ্যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এমরান, কিশোরগঞ্জ জেলার নিরাপদ খাদ্য অফিসার মো. আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পালসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা এবং ভোক্তাদের বিভ্রান্ত করে এমন তথ্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।
মতামত