জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে খুলনার উপকূলীয় কয়রা ও পাইকগাছা উপজেলার মানুষের জীবন-জীবিকায় ক্রমেই বাড়ছে ঝুঁকি। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার পাশাপাশি এ অঞ্চলের অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে লবণাক্ততা। বিশেষ করে নিরাপদ ও সুপেয় পানির সংকটের কারণে নারী, শিশু ও বয়স্ক মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।
উপকূলীয় এ দুই উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ভূগর্ভস্থ ও পৃষ্ঠের পানিতে লবণাক্ততার সমস্যা রয়েছে। শুষ্ক মৌসুমে সংকট আরও তীব্র হয়। অনেক পরিবারকে দূরবর্তী স্থান থেকে খাবার পানি সংগ্রহ করতে হয়। পানির জন্য দীর্ঘ পথ পাড়ি দেওয়ার দায়িত্ব অনেক ক্ষেত্রে নারীদের ওপর পড়ায় তাদের দৈনন্দিন কাজের পাশাপাশি অতিরিক্ত শারীরিক চাপ বহন করতে হচ্ছে।
অন্যদিকে, শিশু ও বয়স্কদের জন্য নিরাপদ পানির সংকট আরও উদ্বেগের বিষয়। লবণাক্ত ও দূষিত পানি ব্যবহারের কারণে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন দূষিত পানি ব্যবহারের ফলে মানুষের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। পানিতে আর্সেনিকের উপস্থিতি থাকলে দীর্ঘমেয়াদে তা আরও গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
সম্প্রতি প্রকাশিত স্বাস্থ্য বিষয়ক একটি গবেষণায় বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভূগর্ভস্থ পানিতে আর্সেনিক দূষণ এবং এর সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকির বিষয়টি উঠে এসেছে। গবেষণায় জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলে পানির সংকট ও দূষণ আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
কয়রা ও পাইকগাছার উপকূলীয় মানুষের জন্য বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় বাঁধ ভেঙে বা উপচে লবণাক্ত পানি লোকালয়ে প্রবেশ করলে পুকুর, খাল ও অন্যান্য পানির উৎস দূষিত হয়ে পড়ে। ফলে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়েন সাধারণ মানুষ। বিশেষ করে শিশু, গর্ভবতী নারী এবং বয়স্কদের নিরাপদ পানি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, জলবায়ু পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে নিরাপদ পানির উৎসের সংখ্যা বাড়ানো না গেলে ভবিষ্যতে পরিস্থিতি আরও কঠিন হতে পারে। উপকূলীয় এলাকার মানুষের জন্য বৃষ্টির পানি সংরক্ষণ, লবণাক্ততা ও আর্সেনিক পরীক্ষা, নিরাপদ পানির স্থায়ী উৎস তৈরি এবং দুর্যোগের সময় জরুরি পানির ব্যবস্থা নিশ্চিত করার দাবি রয়েছে।
এড জিএ সবুর বলেন , জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শুধু বাঁধ নির্মাণ বা দুর্যোগের সময় ত্রাণ দেওয়াই যথেষ্ট নয়। মানুষের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের জন্য নিরাপদ পানি, চিকিৎসা ও পুষ্টির ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।
শিশু বিশেজ্ঞ ডাক্তার কাওছার আলী বলেন, দীর্ঘদিন লবণ পানি ব্যবহারের কারনে শিশুরা নানাবিধ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে।
কয়রা-পাইকগাছার উপকূলীয় জনপদে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন শুধু পরিবেশগত সমস্যা নয়; এটি মানুষের স্বাস্থ্য, জীবিকা ও দৈনন্দিন জীবনযাপনের সঙ্গেও সরাসরি যুক্ত হয়ে পড়েছে। তাই ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে এখনই দীর্ঘমেয়াদি ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
মতামত