নওগাঁর পোরশায় বাসাবাড়ির ছাদে কাপড় শুকাতে গিয়ে অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল মামুন (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়গ্রাম শাহুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল মামুন ওই গ্রামের মো. মোজাফফর হোসেনের ছেলে। বাবা-ছেলে যৌথভাবে উপজেলার তাঁতীপাড়া মোড়ে হোটেল ও মিষ্টির ব্যবসা পরিচালনা করতেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে দোকানের কাজ শেষ করে বাসায় যাওয়ার কথা বলে বের হন আল মামুন। পরে দুপুর ১২টার দিকে বড়গ্রাম শাহুপাড়া এলাকায় তাদের ভাড়া বাসার ছাদে ভেজা কাপড় শুকাতে যান তিনি। সেখানে আগে থেকেই একটি বৈদ্যুতিক তার ছিদ্র হয়ে বিদ্যুৎ লিকেজ ছিল। ভেজা কাপড় শুকাতে গিয়ে অসতর্কতাবশত ওই তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
এ সময় বিকট শব্দ হয়ে বৈদ্যুতিক তারে আগুন ধরে যায় এবং আল মামুন ছাদ থেকে নিচে পড়ে যান। শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনায় আল মামুনের ঠোঁটের নিচের অংশ ঝলসে যায় এবং বাম হাতের কনুইয়ের ওপরের অংশ পুড়ে যায়।
ঘটনার পর নিহতের বাবা মো. মোজাফফর হোসেন পোরশা থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানান। পুলিশ জানায়, অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ দুর্ঘটনা ঘটে এবং পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
মতামত