নেত্রকোনার মদনে প্রাণিসম্পদ দপ্তরের স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই মাংস বিক্রির অভিযোগে পারভেজ মিয়া নামে এক কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে মদন পৌর শহরের দেওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দেওয়ান বাজারে একটি অসুস্থ গরু জবাইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে—এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায় উপজেলা প্রশাসন। সেখানে গরুটিকে অসুস্থ অবস্থায় দেখতে পাওয়া যায়। একই সঙ্গে সংশ্লিষ্ট কসাইয়ের দোকানে থাকা মাংস প্রাণিসম্পদ দপ্তরের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
পরে বিষয়টি পর্যালোচনা করে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় পারভেজ মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে পশু জবাই ও মাংস বিক্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধিবিধান মেনে চলার জন্য তাকে সতর্ক করা হয়।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দেওয়ান বাজারে পশু জবাই ও মাংস বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষার বিষয়টি নিয়ে আগে থেকেই আলোচনা ছিল। তবে বাজারের অন্যান্য কসাইয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পৃথক কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা জানা যায়নি।অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মাহবুবুল আলম, পুলিশের এএসআই জাকির হোসেন, স্থানীয় সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মাহবুবুল আলম বলেন, পশু জবাইয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন। প্রাণিসম্পদ দপ্তরের স্বাস্থ্য পরীক্ষা ছাড়া পশু জবাই ও মাংস বিক্রির বিষয়ে সংশ্লিষ্টদের বিধিবিধান মেনে চলতে হবে।
ইউএনও নাদির হোসেন শামীম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি অসুস্থ গরু পাওয়া যায়। পাশাপাশি দোকানে থাকা মাংসের স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে প্রয়োজনীয় প্রমাণ পাওয়া যায়নি। এ কারণে আইন অনুযায়ী পারভেজ মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মতামত