কক্সবাজারের ঐতিহ্যবাহী জাদী পাহাড় এলাকায় মোটরসাইকেল সংক্রান্ত বিরোধ ও বাকবিতণ্ডার জেরে সাইফুল ইসলাম (২৯) হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
গ্রেপ্তার ব্যক্তি হলেন সাদমান সিহাব (৩০)। তিনি কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব টেকপাড়া এলাকার মঞ্জুর আলমের ছেলে।
অভিযানের সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে পাওনা টাকা পরিশোধের কথা বলে পূর্বপরিচিত কয়েকজন ব্যক্তি সাইফুল ইসলামকে জাদী পাহাড় এলাকায় ডেকে নিয়ে যান।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে সাইফুলকে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার ছুরিকাঘাত করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
গুরুতর আহত অবস্থায় সাইফুলকে ঘটনাস্থলে ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তার মা ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই জড়িতদের গ্রেপ্তারে ছায়া তদন্ত ও অভিযান শুরু করে এসআরবি-১৫-এর একটি আভিযানিক দল।
গোপন সংবাদের ভিত্তিতে ২২ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে কক্সবাজার সদর থানাধীন খুরুশকুল স্টিল ব্রিজ এলাকা থেকে মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি সাদমান সিহাবকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অপরাধ পর্যালোচনায় গ্রেপ্তার সিহাবের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দায়ের করা হত্যা মামলাসহ পূর্বের একাধিক মাদক ও অন্যান্য ফৌজদারি অপরাধের মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
তথ্যসূত্র: এসআরবি-১৫-এর প্রেস রিলিজ।
মতামত