নওগাঁর পোরশা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই চোরাকারবারীকে আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। শনিবার রাত সাড়ে ১০টার দিকে পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের কাটাপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের পশ্চিম হরিপুর গ্রামের মোঃ আতাউর ইসলামের ছেলে মোঃ মারুফ হোসেন (২২) এবং সাপাহার উপজেলার কালাইবাড়ী গ্রামের তরিকুল ইসলামের ছেলে মোঃ জাহিদুল ইসলাম।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীন নিতপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ আব্দুল জাব্বারের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল শনিবার রাতে কাটাপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তাদের কাছ থেকে ১১৩ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবি জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পোরশা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে জব্দকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অবৈধ পারাপার, গরু ও মাদক পাচারসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
মতামত