কক্সবাজারের টেকনাফের হ্নীলা সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী শ্মশানঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, ভোররাতে সীমান্তবর্তী শ্মশানঘাট দিয়ে মিয়ানমার থেকে চারজন ব্যক্তিকে বস্তা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবির বিশেষ টহল দল।
তাদের চ্যালেঞ্জ করা হলে তারা হাতে থাকা বস্তাগুলো শ্মশানঘাটের কাছে ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে সাদা বস্তার ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে রাখা ৪০টি প্যাকেট/কার্টন থেকে আনুমানিক ৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হলেও আর কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি বলে জানিয়েছে বিজিবি।
৬৪ বিজিবির অধিনায়ক আরও জানান, উদ্ধার করা ইয়াবার সঙ্গে জড়িত মাদক সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে ৬৪ বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মতামত