হোয়াইক্যং সীমান্তে কারেন্ট জালের আড়ালে ১০ হাজার ইয়াবা, যুবক আটক
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় কারেন্ট জালের ভেতরে লুকানো ১০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টার দিকে হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক যুবকের নাম মো. শফিউল আলম (১৮)। তিনি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মরিরগুনা ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি জানায়, নিয়মিত টহলের সময় হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী কেরেঙ্গোঘোনা পোস্ট-১-এর কাছে সোয়েবের মাছের ঘেরের পাশ দিয়ে একজনকে কারেন্ট জাল হাতে বাংলাদেশে প্রবেশ করতে দেখে সন্দেহ করে। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে টহল দলের সদস্যরা তাকে আটক করেন।
আটকের পর তার হাতে থাকা কারেন্ট জাল তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো এক কার্টনে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও কারেন্ট জালও জব্দ করা হয়।বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন।
৬৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
মতামত