নওগাঁর গোস্ত হাটির মোড়ে যানজট নিরসনে পুলিশের তৎপরতা, স্বস্তিতে সাধারণ মানুষ
মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি। নওগাঁ শহরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকা গোস্ত হাটির মোড়। দীর্ঘদিন ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ এলাকায় তীব্র যানজটের কারণে চরম দুর্ভোগ পোহাতে হতো সাধারণ পথচারী, ব্যবসায়ী ও যানবাহন চালকদের। বিশেষ করে ব্যস্ত সময়ে যানজটের কারণে স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ায় জনভোগান্তি ছিল নিত্যদিনের চিত্র।
তবে যানজট নিরসনে নওগাঁ জেলা পুলিশের নেওয়া সময়োপযোগী উদ্যোগে সেই চিত্রে এসেছে স্বস্তিদায়ক পরিবর্তন। জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের বিশেষ নির্দেশনায় রোববার সকাল থেকেই গোস্ত হাটির মোড়ে ট্রাফিক পুলিশের সদস্যদের সক্রিয় দায়িত্ব পালন করতে দেখা যায়।
ট্রাফিক পুলিশ সদস্যরা মোড়ে শৃঙ্খলার সঙ্গে যানবাহন নিয়ন্ত্রণ ও চলাচল স্বাভাবিক রাখতে কাজ করেন। ফলে দিনের অধিকাংশ সময় যানবাহন চলাচল ছিল স্বাভাবিক এবং পথচারীদেরও নির্বিঘ্নে রাস্তা পারাপার করতে দেখা যায়। এতে দীর্ঘদিনের যানজটের ভোগান্তি থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
সরেজমিনে স্থানীয় পথচারী ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, গোস্ত হাটির মোড়ে নিয়মিত যানজটের কারণে প্রতিদিনই তাদের দুর্ভোগে পড়তে হতো। পুলিশের সক্রিয় তৎপরতায় যানজট অনেকটাই নিয়ন্ত্রণে আসায় তারা সন্তোষ প্রকাশ করেন।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “প্রতিদিন এই মোড় পার হতে গিয়ে দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হতো। আজ পুলিশের তৎপরতার কারণে খুব সহজেই মোড়টি পার হতে পেরেছি। এমন কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য জেলা পুলিশ সুপারকে ধন্যবাদ।”
সচেতন মহলের মতে, শহরের গুরুত্বপূর্ণ ও ব্যস্ত মোড়গুলোতে নিয়মিত ট্রাফিক পুলিশের নজরদারি ও কার্যকর ব্যবস্থাপনা অব্যাহত থাকলে যানজট অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। পাশাপাশি জনস্বার্থে নওগাঁ জেলা পুলিশের এমন উদ্যোগ শহরের অন্যান্য ব্যস্ত এলাকাতেও স্বস্তিদায়ক ও সুশৃঙ্খল পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।
মতামত