ধামইরহাটে ৭৫ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ নারী গ্রেফতার
মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি।
নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৭৫ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ অনিতা পাহান (৪৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে ধামইরহাট থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে ধামইরহাট পৌরসভার হাটনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের কঠোর নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমানের নেতৃত্বে থানার একটি বিশেষ দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানের অংশ হিসেবে গত ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বুধবার রাত ১০টা ৩৫ মিনিটে ধামইরহাট পৌরসভার হাটনগর গ্রামের অনিতা পাহান (৪৫), স্বামী পরেশ পাহানের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে যাতে মাদক তৈরির উপকরণ সরিয়ে ফেলতে না পারে, সে বিষয়ে সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ওই বসতবাড়ি থেকে ৭৫ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। পরে পুলিশ অনিতা পাহানকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, উদ্ধারকৃত উপকরণগুলো চোলাই মদ তৈরির উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় গ্রেফতার অনিতা পাহানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ধামইরহাট থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয় সচেতন মহল বলছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রাখা প্রয়োজন। বিশেষ করে চোলাই মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হলে মাদক ব্যবসা ও মাদক তৈরির প্রবণতা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
ধামইরহাট থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও মাদক নির্মূলে আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।
মতামত