শ্রীপুরে প্রবাসী ব্যক্তির জমি দখলের চেষ্টা, এলাকায় চরম উত্তেজনা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: আল আমিন খান
গাজীপুরের শ্রীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্রীপুর মৌজায় এক প্রবাসী ব্যক্তির স্বত্বদখলীয় জমির ওপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টাকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি সেবা নম্বরে কল করা হলে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিশৃঙ্খলা ঠেকায়।
ঘটনার বিবরণ ও পটভূমি
অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীপুর মৌজার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও বর্তমানে সৌদি আরব প্রবাসী শরিফ হোসেন খানের ১৭.৫০ শতাংশ জমি রয়েছে। তিনি প্রায় ১৯ বছর আগে জমিটি ক্রয় করে সরকারি খাজনা পরিশোধ ও নামজারি সম্পন্ন করে ভোগদখলে আছেন। তিনি প্রবাসে থাকার সুযোগে কতিপয় ব্যক্তি তাকে না জানিয়ে জমিটির ওপর দিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা চালাচ্ছেন।
শুনানি ও পরবর্তী উত্তেজনা
প্রবাসী শরিফ হোসেন খান এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিলে গত ৯ সেপ্টেম্বর ২০২৬ শুনানির দিন ধার্য করা হয়। তবে নির্ধারিত দিনে বিবাদী পক্ষ উপস্থিত হয়নি।
এর পরদিন, ১০ সেপ্টেম্বর, প্রবাসীর পক্ষে নিজস্ব জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন সেখানে এসে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশের ভূমিকা ও স্থানীয় প্রতিক্রিয়া
সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় থানায় খবর দেওয়া হলে শ্রীপুর থানা পুলিশের একটি দল তাৎক্ষণিক উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে। পুলিশ উভয় পক্ষকে কোনো প্রকার সহিংসতায় না জড়িয়ে আইনানুগ প্রক্রিয়ায় বিরোধ নিষ্পত্তির পরামর্শ দেয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে চলা এই বিরোধের কারণে এলাকায় অস্থিরতা বিরাজ করছে। সাময়িকভাবে পরিস্থিতি শান্ত হলেও এটি স্থায়ীভাবে সমাধানের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো ভূমিকা দাবি করেছেন তারা।
জমি মালিকের বক্তব্য
প্রবাসী শরিফ হোসেন খানের পক্ষ থেকে জানানো হয়, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তার অনুপস্থিতির সুযোগ নিয়ে জমি দখলের পাঁচতারা করা হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনগত সমাধানের দাবি জানান।
মতামত