নওগাঁর মান্দায় সড়ক সংস্কার কাজের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক মনসুর রহমান।
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।
নওগাঁর মান্দায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন সড়ক সংস্কার ও পাকাকরণ কাজের গুণগত মান সরেজমিনে পরিদর্শন করেছেন প্রকল্প পরিচালক (পিডি) মো. মনসুর রহমান।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার গণেশপুর ইউনিয়নের সতিহাট ওয়াহেদ পাগলার মোড় থেকে দুর্গাপুরগামী প্রায় এক কিলোমিটার সড়কের সংস্কারকাজ পরিদর্শন করেন তিনি। সম্প্রতি ওই সড়কের নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। এরই পরিপ্রেক্ষিতে কাজের প্রকৃত অবস্থা ও গুণগত মান যাচাই করতে সরেজমিনে পরিদর্শনে যান প্রকল্প পরিচালক।
জানা গেছে, সড়কটির সংস্কারকাজের দায়িত্বে রয়েছে ‘আরশী এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আলমগীর হোসেন।
পরিদর্শনকালে সড়কের বিভিন্ন অংশের নির্মাণসামগ্রী, বালু-খোয়ার মিশ্রণসহ কাজের সার্বিক গুণগত মান পর্যবেক্ষণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. বদরুদ্দোজা, মান্দা উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের, উপ-সহকারী প্রকৌশলী হাসান আশকোরী, সার্ভেয়ার এহতেশাম বিল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরিদর্শন শেষে নওগাঁ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. বদরুদ্দোজা বলেন, সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া ও বালু ব্যবহারের অভিযোগে সংবাদ প্রকাশের পর বিষয়টি যাচাই করতে তারা সরেজমিনে এসেছেন। পরিদর্শনে প্রকাশিত সংবাদের সঙ্গে বাস্তব চিত্র ও কাজের মানের বড় কোনো অসঙ্গতি পাওয়া যায়নি।
তিনি আরও জানান, সড়কের প্রায় ৯৫ শতাংশ কাজ মানসম্মত হয়েছে। কাজের ক্ষেত্রে সামান্য তারতম্য থাকতে পারে, যা ডব্লিউবিএম (WBM) স্তরের কাজ শেষে কমপেকশন ও রোলিংয়ের মাধ্যমে ঠিক হয়ে যাবে।
প্রকল্প পরিচালক মো. মনসুর রহমান বলেন, “সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতেই কাজের গুণগত মান যাচাই করতে আমরা সরেজমিনে এসেছি। সার্বিকভাবে পরিদর্শন করে কাজের মান নিয়ে বড় ধরনের কোনো অসঙ্গতি পাওয়া যায়নি। ফিটনেস এবং বালু-খোয়ার মিশ্রণ ঠিক রয়েছে। তবে খোয়ার পরিমাণ প্রায় ৫ শতাংশ কম পাওয়া গেছে। ডব্লিউবিএম কাজ শেষে রোলিং ও কমপেকশনের মাধ্যমে এটি সমান ও মানসম্মত হয়ে যাবে।”
তিনি বলেন, কাজের মান নিয়ে আপাতত বড় ধরনের সন্দেহের কারণ নেই। তবে সড়কটির নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি অব্যাহত থাকবে।
মতামত