মদনে সরকারি চাল পাচারের অভিযোগে ২ জন আটক, জব্দ ১০০ বস্তা
মোঃ রাসেল আহমেদ, মদন (নেত্রকোণা) প্রতিনিধি
নেত্রকোণার মদনে পাচারের অভিযোগে ১০০ বস্তা সরকারি চাল জব্দ করেছে থানা পুলিশ। এ সময় চালবোঝাই দুটি হ্যান্ডট্রলির চালককে আটক করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় অভিযান চালিয়ে চালগুলো জব্দ ও দুজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মদন উপজেলার দেওসহিলা বড়বাড়ি গ্রামের আবু কালামের ছেলে মামুন মিয়া (২৮) এবং একই গ্রামের আব্দুল হকের ছেলে আক্কাছ আলী ওরফে আকার উল্লাহ (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফতেপুর এলাকার দিক থেকে দুটি হ্যান্ডট্রলিতে বস্তাভর্তি চাল মদন সদরের দিকে নেওয়া হচ্ছিল। চালগুলো সরকারি বলে সন্দেহ হলে গোপন সংবাদের ভিত্তিতে মদন থানা পুলিশ রুদ্রশ্রী এলাকায় হ্যান্ডট্রলি দুটিতে তল্লাশি চালায়। পরে সেখান থেকে ১০০ বস্তা চাল জব্দ করা হয় এবং দুই ট্রলিচালককে আটক করা হয়।
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রুদ্রশ্রী এলাকায় অভিযান চালিয়ে ১০০ বস্তা সরকারি চালসহ দুজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম বলেন, পুলিশ সরকারি চাল জব্দ করেছে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। জব্দ করা চাল কোথা থেকে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
মতামত