কক্সবাজারের উখিয়ায় জেলের ছদ্মবেশে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় মাছের ঝুড়িতে লুকিয়ে আনা ৫০ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীনস্থ পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী আনজুমানপাড়ার ফাইসা খাল নুরুল বশর ঘেরসংলগ্ন বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেয়।
পরে রাত আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে মিয়ানমার সীমান্তের দিক থেকে জেলের ছদ্মবেশে মাছের ঝুড়ি হাতে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যদের সন্দেহ হয়।
টহল দল তাকে চ্যালেঞ্জ করলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা তাকে আটক করেন।
আটক ব্যক্তির নাম মো. ইমরান (৩৪)। তিনি উখিয়া উপজেলার নলবনিয়া গ্রামের বাসিন্দা।
পরবর্তীতে তার হাতে থাকা মাছের ঝুড়িতে তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ৫ কার্টনে মোট ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন ও নগদ টাকাও জব্দ করা হয়।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে তা বহন করছিল বলে স্বীকার করেছে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
আটক ব্যক্তি ও উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদক ও চোরাচালানবিরোধী বিভিন্ন অভিযানে কাজ করে আসছে।
মতামত