চাঁদা দাবির অভিযোগে আদালতে বিএনপি নেতার বিরুদ্ধে নালিশ
মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের সিংগাইরে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিঠুসহ তিনজনের বিরুদ্ধে আদালতে নালিশি মামলা করেছেন জেলা পরিষদের সাবেক সদস্য এফ এম রিপন আক্তার ফজলু।
সোমবার (৩১ আগস্ট) সিংগাইর থানা আমলি আদালতে মামলাটি দায়ের করা হয়। এতে দণ্ডবিধির ৩৮৫ ও ৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলাটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাধ্যমে তদন্তের আবেদন করেছেন বাদী।
মামলার নালিশে মাহবুবুর রহমান মিঠু (৫০), জহির (৫০) ও আব্দুল হক (৪৫)-কে আসামি করা হয়েছে।
বাদীর অভিযোগ, গত ২৮ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে আব্দুল হক অপর দুই আসামিকে সঙ্গে নিয়ে তার বাড়ির নিচতলার গেটের সামনে যান। এ সময় তাকে গালিগালাজ করার পাশাপাশি তার স্বামীর দায়ের করা একটি মামলা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হয়। একপর্যায়ে এক লাখ টাকা জরিমানা এবং এক লাখ টাকা চাঁদাসহ মোট দুই লাখ টাকা দাবি করা হয়।অভিযোগে আরও বলা হয়, দাবিকৃত টাকা না দিলে বাদী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়। পাঁচ দিনের মধ্যে টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে নালিশে উল্লেখ করা হয়।
এদিকে মাহবুবুর রহমান মিঠুর বিরুদ্ধে বাদীর ছেলে এফ এম রিদম প্রান্তরের নামে বরাদ্দ দুটি দোকানের জায়গাসহ মোট আটটি দোকানের পজিশন দখলের অভিযোগও করেছেন বাদী।
বাদী এফ এম রিপন আক্তার ফজলু দাবি করেন, তিনি জেলা পরিষদের সদস্য থাকাকালে সদস্যদের জন্য মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা রোডের পাশে দোকানের পজিশন বরাদ্দ দেওয়া হয়। তার নামে দুটি দোকানের পজিশন বরাদ্দের বিপরীতে জেলা পরিষদে সরকারি রাজস্ব জমা দেওয়াসহ প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া হয়েছিল।তার অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সুযোগ নিয়ে মাহবুবুর রহমান মিঠু তার দুটি দোকানসহ মোট আটটি দোকানের পজিশন দখল করে নেন। দোকান নির্মাণের সময় বাধা দিতে গেলে ১০ থেকে ১৫ জন লোক সেখানে গিয়ে তাকে হত্যার হুমকি ও গালিগালাজ করেন বলেও অভিযোগ করেন তিনি।
অভিযোগের বিষয়ে মাহবুবুর রহমান মিঠু বলেন, ‘শুনছি রিপন আক্তার আমার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন। চাঁদাবাজির বিষয়ে আমি কিছুই জানি না।’ অপর দুই আসামির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানবেন্দ্র বালো বলেন, মামলার নথি এখনো তাদের দপ্তরে আসেনি। নথি পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত