উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, আটক ১
কক্সবাজারের উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় জিয়া উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, ২১ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীনস্থ উনচিপ্রাং বিওপির একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় কুতুবের ঘের নামক স্থানে অবস্থান নেয়।
পরে আনুমানিক ভোর ৪টার দিকে টহল দলটি মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে দুই সন্দেহভাজন ব্যক্তিকে প্রবেশ করতে দেখতে পায়। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় টহল দল ধাওয়া করে জিয়া উদ্দিনকে আটক করতে সক্ষম হয়। অপর ব্যক্তি পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি পোটলার ভেতরে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ২০ কাট পাওয়া যায়। এসব প্যাকেট থেকে মোট ২,০০,০০০ (দুই লাখ) পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও ইয়াবা ছাড়া অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।
আটক জিয়া উদ্দিন টেকনাফ উপজেলার কাঞ্জরপাড়া গ্রামের বাসিন্দা। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে।
মতামত