ছাতকের কামরাঙ্গী গ্রামে হাডুডুর মহারণ, হাজারো দর্শকে কানায় কানায় পূর্ণ মাঠ
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গী, আহারগাঁও ও মনিয়াসের উদ্যোগে শনিবার দিনব্যাপী জমজমাট ও আকর্ষণীয় হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে।
চরমহল্লা ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাশাপাশি সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ফতেহপুর গ্রামের খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত এ খেলায় মোট ৩০টি ম্যাচ অনুষ্ঠিত হয়। সকাল থেকে শুরু হওয়া দিনব্যাপী এ ক্রীড়া আয়োজনকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
খেলায় খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য, আক্রমণ-পাল্টা আক্রমণ ও টানটান উত্তেজনায় পুরো মাঠ ছিল সরগরম। প্রিয় দলের খেলোয়াড়দের উৎসাহ দিতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শক মাঠে ভিড় করেন। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো খেলার মাঠ।
খেলাটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আয়োজক ও এলাকাবাসী আন্তরিকভাবে কাজ করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রমে দিনব্যাপী এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলেন, গ্রামীণ ঐতিহ্যের অন্যতম জনপ্রিয় খেলা হাডুডুকে নতুন প্রজন্মের কাছে পরিচিত ও জনপ্রিয় করে তোলা এবং যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যেই এ আয়োজন। ভবিষ্যতেও আরও বড় পরিসরে এমন ক্রীড়া আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
ঐতিহ্যবাহী হাডুডুর এমন আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
মতামত