বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
মোঃ সুমন রহমান স্বজন দিনাজপুর জেলা প্রতিনিধি:- ১২ আগস্ট ২০২৬ দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বীরগঞ্জ উপজেলার মাকড়াই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযান শেষে গ্রেপ্তার চারজনকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের বিরুদ্ধে পৃথকভাবে সাজা ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সুজালপুর হাটখোলা এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে রবিউল ইসলাম (৫০), মাড়াই এলাকার সুফল মূর্মুর ছেলে সম মুরমু (৩৫), একই এলাকার সোহরাব আলীর ছেলে মো. আলমগীর ইসলাম (২৭) এবং মাকড়াই এলাকার আবেদ আলীর ছেলে মোরশেদ আলম (২৩)।
ভ্রাম্যমাণ আদালতের রায়ে রবিউল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অপর তিনজন সম মুরমু, মো. আলমগীর ইসলাম ও মোরশেদ আলমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হচ্ছে।
অভিযানে নেতৃত্ব দেন বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান। ভ্রাম্যমাণ আদালতে সাজা ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত চারজনকে যথাযথ পুলিশি নিরাপত্তায় দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মতামত