ফ্যামিলি কার্ড নিয়ে পাইকগাছায় হ-য-ব-র-ল!যাচাই-বাছাইয়ে অনিয়ম ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ,
ইউএনও-সমাজসেবা অফিস ঘেরাও ও ঝাড়ু-জুতা মিছিলের ঘোষণা বিএনপি-জামায়াত নেতাদের ফেসবুক পোস্ট ঘিরে উত্তেজনা, নিরপেক্ষ তদন্তের দাবি
এফ,এম,এ রাজ্জাক পাইকগাছা (খুলনা)
সরকারের ঘোষিত ফ্যামিলি কার্ডের উপকারভোগী তালিকা প্রণয়নের জন্য শুমারিতে সুপার ভাইজার ও মাঠকর্মী নিয়োগের তালিকা তৈরির যাচাই-বাছাইকে কেন্দ্র করে খুলনার পাইকগাছায় দেখা দিয়েছে ব্যাপক অসন্তোষ ও ক্ষোভ। তালিকা তৈরিতে অনিয়ম, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন স্থানীয়দের একটি অংশ। একই সঙ্গে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। । ফ্যামিলি কার্ডের মতো জনকল্যাণমূলক কর্মসূচিতে প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক পোস্ট ও মন্তব্য ছড়িয়ে পড়ছে। বিষয়টি নিয়ে পাইকগাছার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া।নিরপেক্ষতার দাবি আইনজীবী এম মাফতুন আহমেদ তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘পাইকগাছায় ফ্যামিলি কার্ড চাই নিরপেক্ষতার সাথে’ শিরোনামে একটি কলাম প্রকাশ করেন।কলামে তিনি দল-মত নির্বিশেষে সঠিক ও নিরপেক্ষ যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপকারভোগী নির্বাচন এবং কোনো অনিয়মের অভিযোগ উঠলে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।অ্যাডভোকেট মাফতুন আহমেদ বলেন, ফ্যামিলি কার্ড অভাবী মানুষের পাশে দাঁড়ানোর একটি সময়োপযোগী উদ্যোগ। কিন্তু নিরপেক্ষ যাচাই-বাছাই ছাড়া তালিকা তৈরি হলে সাধারণ মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি হতে পারে। তাঁর মতে, এটি কোনো ব্যক্তি বা দলের বিষয় নয়; বরং স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনের বিষয়।বিএনপি নেতাদের পোস্টে ঝাড়ু মিছিলের ঘোষণাঅন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি নেতা আমলগীর হোসেন ও শাহরিয়ার ইসলাম সুমন-এর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে আগামী ৯ আগস্ট, রবিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও সমাজসেবা অফিস ঘেরাও এবং ঝাড়ু মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পোস্টে স্থানীয় জনগণ ও নেতৃবৃন্দকে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।এছাড়া পাইকগাছা পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ এবং বিএনপি নেতা কামাল আহমেদ সেলিম নেওয়াজ তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘পাইকগাছাবাসী প্রস্তুত হন ঝাটা মিছিলের জন্য’—এমন পোস্ট করেছেন বলে জানা গেছে।ছাত্রদল নেতার পোস্টে ‘ঝাড়ু ও জুতা মিছিলের’ ঘোষণাপাইকগাছা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও সাবেক যুগ্ম-আহ্বায়ক এমডি সাদ্দাম গাজী (MD Saddam Gazi) তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘হাসবো নাকি কাঁদবো জানি না’ শিরোনামে একটি পোস্ট করেছেন।ওই পোস্টে তিনি দাবি করেন, পাইকগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ফ্যামিলি কার্ড শুমারিতে অধিকাংশ ক্ষেত্রে ‘গুপ্তলীগ’ ও আওয়ামী লীগের লোকজনকে জায়গা করে দেওয়া হয়েছে। একই পোস্টে তিনি দ্রুত পাইকগাছা উপজেলায় ‘ঝাড়ু ও জুতা মিছিল’ করার ঘোষণা দেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বান্দরবনে বদলির আহ্বান জানান।জামায়াত নেতার পোস্ট ঘিরেও প্রতিক্রিয়া ফ্যামিলি কার্ডের তালিকা প্রস্তুতে কার্মী নিয়োগে পাইকগাছা উপজেলা সরকারি কর্মকর্তাদের ভূমিকা নিয়ে জামায়াত নেতা মো. আব্দুল্লাহ আল মামুন তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছেন বলে জানা গেছে।ঐ পোস্টে তিনি পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের উদ্দেশে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে অবস্থান পরিবর্তন অথবা পাইকগাছা ছাড়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি লেখেন, অন্যথায় ‘ছাত্র-জনতা বসে থাকবে না’।তবে ঐ পোস্টে যে অভিযোগ বা বক্তব্য তুলে ধরা হয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহলের অনেকে।স্থানীয়দের ক্ষোভস্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “ফ্যামিলি কার্ড শুমারি ও সঠিক ভাবে তালিকা যদি প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষের জন্য হয়, তাহলে তালিকা তৈরিতে কোনো রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত সম্পর্ক বিবেচনা করা উচিত নয়। সঠিক যাচাই করে প্রকৃত সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত করতে হবে।”আরেক বাসিন্দা মোছা. সালমা বেগম বলেন, “আমরা চাই যারা সত্যিকার অর্থে অসহায়, তারা যেন কার্ড পায়। কোনো কারণে যোগ্য মানুষ বাদ পড়লে সেটিও তদন্ত করে দেখা দরকার। তালিকা তৈরির প্রক্রিয়া জনগণের কাছে পরিষ্কার করা প্রয়োজন।”স্থানীয় ব্যবসায়ী জাহিদ হোসেন বলেন, “ফ্যামিলি কার্ড নিয়ে মানুষের মধ্যে আগ্রহ অনেক। কিন্তু তালিকা নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। প্রশাসনের উচিত অভিযোগগুলো গুরুত্ব দিয়ে যাচাই করা এবং প্রকৃত তথ্য জনগণের সামনে তুলে ধরা।”অপর এক স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, “কোনো রাজনৈতিক দলের লোক হলেই সুবিধা পাবে, আবার অন্য দলের হলে বাদ যাবে—এমন ব্যবস্থা আমরা চাই না। দল-মত নির্বিশেষে প্রকৃত দরিদ্রদের তালিকায় আনা হোক।”অভিযোগ-পাল্টা অভিযোগে বাড়ছে উত্তেজনাফ্যামিলি কার্ডের তালিকা নিয়ে একদিকে বিএনপি নেতাদের ঝাড়ু মিছিল ও ইউএনও-সমাজসেবা অফিস ঘেরাওয়ের ঘোষণা, অন্যদিকে জামায়াত নেতার সরকারি কর্মকর্তাদের নিয়ে দেওয়া বক্তব্য—সব মিলিয়ে পাইকগাছার রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।স্থানীয় সচেতন মহল বলছে, ফ্যামিলি কার্ড একটি জনকল্যাণমূলক কর্মসূচি। তাই এর তালিকা প্রণয়ন নিয়ে রাজনৈতিক পাল্টাপাল্টি কর্মসূচির পরিবর্তে প্রকৃত সুবিধাভোগী নির্বাচন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।নিরপেক্ষ তদন্তের দাবিস্থানীয়দের একাংশের দাবি, ফ্যামিলি কার্ডের তালিকা প্রণয়ন ও যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে মাঠপর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কারা তালিকা তৈরির সঙ্গে যুক্ত, কীভাবে উপকারভোগী নির্বাচন করা হচ্ছে এবং অভিযোগ থাকলে কোথায় তা জানানো যাবে—এসব বিষয় সাধারণ মানুষের কাছে স্পষ্ট করা প্রয়োজন।তাদের মতে, কোনো ব্যক্তি, রাজনৈতিক দল কিংবা প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠলে সেটিকে রাজনৈতিক বিরোধ হিসেবে না দেখে নিরপেক্ষভাবে তদন্ত করা উচিত। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং অভিযোগের সত্যতা না থাকলে সংশ্লিষ্টদের দায়মুক্তি—দুই ক্ষেত্রেই স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।প্রশাসনের বক্তব্যের অপেক্ষাফ্যামিলি কার্ডের তালিকা প্রণয়ন ও যাচাই-বাছাই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব অভিযোগ উঠেছে, সেগুলোর বিষয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। তাই তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি। এদিকে আগামী ৯ আগস্টের ঘোষিত কর্মসূচি ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না করে শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।স্থানীয়দের প্রত্যাশা—ফ্যামিলি কার্ড হোক প্রকৃত অসহায় মানুষের অধিকার নিশ্চিত করার মাধ্যম; কোনো দলীয় প্রভাব, স্বজনপ্রীতি কিংবা বঞ্চনার কারণ নয়। অভিযোগ ও পাল্টা অভিযোগের পরিবর্তে নিরপেক্ষ যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত তথ্য জনসম্মুখে প্রকাশ করা হোক।
মতামত