টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ১ কেজি আইস জব্দ
সোলতান আহমদ কক্সবাজার জেলা বিশেষ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরী এলাকার নাফ নদীতে অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও মাদক পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে এ সময় কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, একই দিন মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে বোটে থাকা মাদক কারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংকেত অমান্য করে দ্রুত পার্শ্ববর্তী গোলারচরে বোটটি রেখে পালিয়ে যায়।
পরে পরিত্যক্ত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পাচারে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস) ও বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভয়াবহ মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দাভিত্তিক অভিযান অব্যাহত রাখবে।
মতামত