রাজবাড়ীর খানখানাপুর রেলক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনা তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত অন্তত ১০
আক্কাস আলী খান, রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলক্রসিংয়ে তেলবাহী মালবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির সঙ্গে যাত্রীবাহী বাস, মাহেন্দ্র ও অটোরিকশার চতুর্মুখী সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর রেলক্রসিং এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন—রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শামুকখোলা গ্রামের মৃত ময়েনউদ্দিন শেখের ছেলে মালেক শেখ (৬০) এবং রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় ব্রাকপাড়া এলাকার মনোয়ার হোসেন পাটোয়ারী (৫০)। তারা দুজনই দুর্ঘটনাকবলিত মাহেন্দ্রের যাত্রী ছিলেন। নিহত আব্দুল মালেক শেখ এক ছেলে সন্তানের জনক।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফরিদপুরের ধুলদি পাওয়ার প্ল্যান্ট থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি তেলবাহী মালবাহী ট্রেনের ইঞ্জিনসহ কয়েকটি বগি প্রথমে খানখানাপুর রেলক্রসিং অতিক্রম করে। পরে গেটম্যান রেলগেট খুলে দিলে মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কয়েকটি বগি নিয়ন্ত্রণহীনভাবে সামনে এগিয়ে এসে মহাসড়কে চলাচলরত একটি মাহেন্দ্র, একটি অটোরিকশা ও একটি যাত্রীবাহী বাসকে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনার আঘাতে মাহেন্দ্রটি প্রায় ১০০ গজ দূর পর্যন্ত ঠেলে নিয়ে যায় বিচ্ছিন্ন বগিগুলো। অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীবাহী বাসটি রেললাইনের ওপর উঠে পড়ে। এতে ঘটনাস্থলে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় এবং মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরে দুর্ঘটনাকবলিত বাসটি রেকারের সাহায্যে সরিয়ে নেওয়ার পর ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মালেক শেখ ও মনোয়ার হোসেন পাটোয়ারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত