দৈনিক রূপালী সৈকতকে মডেল পত্রিকায় রূপান্তর করা হবে : এ. এম. জিয়াবুল (সিআইপি)
নিজস্ব প্রতিবেদক | কক্সবাজার:- বস্তুনিষ্ঠ, সাহসী ও জনকল্যাণমুখী সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে দৈনিক রূপালী সৈকত-এর প্রতিনিধি সম্মেলন-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে পত্রিকাটিকে দেশের অন্যতম মডেল আঞ্চলিক সংবাদপত্রে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন উপদেষ্টা সম্পাদক, আমির গ্রুপ ও আমির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ. এম. জিয়াবুল (সিআইপি)।
শনিবার (১৮ জুলাই) কক্সবাজার শহরের কলাতলীর হোটেল বীচ ওয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রতিনিধি সম্মেলনে সম্পাদকীয় পরিষদ, স্টাফ রিপোর্টার ও জেলার বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে সাংবাদিকতার নৈতিকতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, তথ্যনির্ভর সংবাদ পরিবেশন এবং আধুনিক গণমাধ্যমের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
ডাঃ হাফেজ মো. সোহেলের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। দৈনিক রূপালী সৈকতের সম্পাদক ও প্রকাশক ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে এবং নির্বাহী সম্পাদক নুরুল হোসাইনের সঞ্চালনায় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে এ. এম. জিয়াবুল (সিআইপি) বলেন, "দৈনিক রূপালী সৈকতকে একটি আদর্শ ও মডেল পত্রিকা হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ, প্রযুক্তিনির্ভর সংবাদ ব্যবস্থাপনা, দক্ষ মানবসম্পদ তৈরি এবং পাঠকের আস্থা অর্জনের মাধ্যমে পত্রিকাটিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হবে।"
সভাপতির বক্তব্যে সম্পাদক ও প্রকাশক ফজলুল কাদের চৌধুরী বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক অবস্থানই দৈনিক রূপালী সৈকতের মূল শক্তি। তিনি জেলার প্রতিটি প্রতিনিধিকে দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং বলেন, সংবাদ প্রকাশে কোনো ধরনের আপস করা হবে না।
প্রধান বক্তা ও ম্যানেজিং এডিটর আ. স. ম. মোহাম্মদ জাহিদুল হক নাহিদ বলেন, একটি পত্রিকার সবচেয়ে বড় সম্পদ তার প্রতিনিধিরা। তাদের দক্ষতা, সততা ও অনুসন্ধানী মানসিকতাই সংবাদপত্রের গ্রহণযোগ্যতা বাড়ায়। তিনি বলেন, তথ্যভিত্তিক, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা আরও সুদৃঢ় করতে হবে এবং রূপালী সৈকতকে আধুনিক ও অনুসরণযোগ্য সংবাদমাধ্যমে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাহী সম্পাদক নুরুল হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদক খোরশেদ আলম, বার্তা সম্পাদক নজরুল ইসলাম, সহ-সম্পাদক এস. কে. জাফর আলম, মো. কলিম, সোলতান আহমদ, কামরুল ইসলাম এবং হেড অব নিউজ রিয়াজ উদ্দিন।
এছাড়াও কক্সবাজার জেলা প্রেসক্লাবের এডভাইজার ডাঃ হাফেজ মো. সোহেল, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, অর্থ সম্পাদক মো. হাসান, বিভিন্ন উপজেলার স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিবৃন্দ, কক্সবাজারের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, বিশিষ্ট ব্যবসায়ী এবং সুধীজন অনুষ্ঠানে অংশ নেন।
সমাপনী বক্তব্যে সম্পাদক ফজলুল কাদের চৌধুরী প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণকারী সকল অতিথি ও প্রতিনিধিকে ধন্যবাদ জানিয়ে পত্রিকার অগ্রযাত্রায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও প্রধান বক্তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরে জেলার ১০ উপজেলার স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের হাতে দৈনিক রূপালী সৈকত-এর পরিচয়পত্র (আইডি কার্ড) বিতরণ করা হয়। মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে দিনব্যাপী প্রতিনিধি সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
মতামত