প্রিপেইড বিদ্যুৎ মিটারে ২২০ সংখ্যার টোকেন: চরম ভোগান্তিতে কুমিল্লার এক বিধবা নারী
কুমিল্লা মহানগরীর ২২ নম্বর ওয়ার্ডের এক ৫০ ঊর্ধ্ব বিধবা নারী প্রিপেইড বিদ্যুৎ মিটারের দীর্ঘ টোকেন নম্বর নিয়ে চরম ভোগান্তির শিকার হয়েছেন। স্বামীহারা এই নারী নিজের স্বামীর ভিটায় নাতি-নাতনিদের নিয়ে বসবাস করেন। বয়সের ভার ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে প্রতিবার বিদ্যুৎ রিচার্জ করা তার জন্য হয়ে উঠেছে এক কঠিন চ্যালেঞ্জ।
জানা যায়, সম্প্রতি তিনি বিকাশের মাধ্যমে ১,২০০ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করেন। তবে ভ্যাট, ডিমান্ড চার্জসহ বিভিন্ন খাতে প্রায় ৩০০ টাকা কেটে নেওয়ার পর মিটারে যোগ হয় মাত্র ৯০০ টাকার বিদ্যুৎ।
কিন্তু সবচেয়ে বড় ভোগান্তির বিষয় হলো, এই রিচার্জের জন্য তাকে প্রায় ২২০ সংখ্যার একটি দীর্ঘ টোকেন নম্বর মিটারে প্রবেশ করাতে হয়। এত দীর্ঘ নম্বর একটানা ও নির্ভুলভাবে টাইপ করা সাধারণ মানুষের জন্যও অত্যন্ত কষ্টসাধ্য বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
বিধবা নারীর নাতি, কুমিল্লা মডার্ন হাইস্কুলের ১০ম শ্রেণির এক শিক্ষার্থী, জানায়, এত দীর্ঘ নম্বর টাইপ করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। সামান্য ভুল হলেই মিটার টোকেন গ্রহণ করে না, এমনকি মিটার লক হয়ে যাওয়ারও আশঙ্কা থাকে। এতে একদিকে যেমন সময় নষ্ট হয়, অন্যদিকে মানসিক চাপও বাড়ে।
স্থানীয়দের দাবি, আধুনিক প্রযুক্তির এই সময়ে বিদ্যুৎ রিচার্জ ব্যবস্থা আরও সহজ ও ব্যবহারবান্ধব হওয়া উচিত। বিশেষ করে প্রবীণ, বিধবা ও প্রযুক্তিতে অনভিজ্ঞ মানুষের কথা বিবেচনা করে দীর্ঘ টোকেন নম্বরের পরিবর্তে সহজ ও সংক্ষিপ্ত পদ্ধতি চালু করার দাবি জানিয়েছেন তারা।
ভুক্তভোগী পরিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এই সমস্যার দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছে, যাতে সাধারণ গ্রাহকদের অপ্রয়োজনীয় ভোগান্তির মুখে না পড়তে হয়।
মতামত