পৈত্রিক সম্পত্তির গাছ কাটাকে কেন্দ্র করে চকরিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
মোঃ আবদুল্লাহ (আল্-মামুন) কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে পৈত্রিক বসতভিটার গাছ কাটাকে কেন্দ্র করে দুই ভাইয়ের বিরোধের জেরে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই খুন হয়েছেন । শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে ।
নিহত নুরুল ইসলাম (৫২) ওই এলাকার মৃত আলী হোছেনের ছেলে । তিনি পরিবার থেকে আলাদা হয়ে একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হরিখোলা এলাকায় বসবাস করতেন । অভিযুক্ত আব্দুর রহিম (৪২) নিহতের আপন ছোট ভাই । ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন ।
স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন জানান, শুক্রবার সকালে আব্দুর রহিম পৈত্রিক বসতভিটার গাছ বিক্রির উদ্দেশ্যে কাটতে শুরু করেন । বিষয়টি জানতে পেরে বড় ভাই নুরুল ইসলাম ঘটনাস্থলে এসে গাছ কাটতে বাধা দেন । এ সময় দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে আব্দুর রহিম ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ধারালো দা দিয়ে নুরুল ইসলামের পা ও ঘাড়ে এলোপাতাড়ি কোপ দেন ।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা নুরুল ইসলামকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । ঘটনার পরপরই অভিযুক্ত আব্দুর রহিম ঘটনাস্থল থেকে পালিয়ে যান ।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে । পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে ।
মতামত