জামালপুরের সরিষাবাড়ীতে সৌদি আরবপ্রবাসী রবিউল ইসলামের পাঠানো প্রায় ৪০ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক স্ত্রী সুমাইয়া আক্তার সাথীর বিরুদ্ধে। অন্যদিকে, সুমাইয়ার অভিযোগ, তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে ক্যাশ বাক্স থেকে ২ লাখ টাকা নিয়ে গেছেন সাবেক স্বামীর স্বজনেরা। এ সময় দোকানের ছয়টি সাটারে তালা লাগিয়ে তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার সাবেক এআরএ জুট মিল এলাকায় সাথী কসমেটিকস অ্যান্ড বস্ত্র বিতানকে কেন্দ্র করে এ উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনায় উভয় পক্ষ সরিষাবাড়ী থানায় পৃথক লিখিত অভিযোগ দিয়েছে।
প্রবাসীর ভাই রেজাউল ইসলামের অভিযোগ, তাঁর ভাই প্রায় ১৯-২০ বছর ধরে সৌদি আরবে কর্মরত। এ সময় স্ত্রী ও সন্তানদের ভরণপোষণ এবং ব্যবসার জন্য বিভিন্ন মাধ্যমে প্রায় ৪০ লাখ টাকা পাঠানোর পাশাপাশি ১০ ভরি স্বর্ণালংকার, এবং ব্যবসার জন্য ১০ লাখ টাকা দিয়েছেন। এসব ফেরত চাওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। অন্যদিকে, সুমাইয়া দাবি করেন, নিজের বাবার সম্পত্তি বন্ধক, ঋণ ও ধান বিক্রির অর্থসহ প্রায় ১১ লাখ টাকা বিনিয়োগ করে তিনি ব্যবসাপ্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন।
সুমাইয়ার অভিযোগ, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে সাবেক স্বামীর স্বজনেরা দোকানে গিয়ে ছয়টি সাটারে তালা লাগান। পরে তিনি ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে যায়। অপরদিকে, রেজাউল ইসলামের দাবি, গত ২০ অক্টোবর টাকা ও স্বর্ণালংকার ফেরত চাইতে গেলে তাঁদের গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, উভয় পক্ষের পৃথক অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত